মুম্বই: বক্স অফিসে ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করার চেয়ে অনেক দামি, ১০০ কোটি হৃদয়কে ছুঁয়ে যাওয়া।এইমুহূর্তে এমনই মনে করেন 'বরফি'র পরিচালক অনুরাগ বসু। আর তাঁর সদ্যমুক্তি প্রাপ্ত ছবি সেটা সফল ভাবেই করেছে বলে মনে করেন অনুরাগ। সম্প্রতি বলিউডে একটি নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে।ছবিটি কতটা সফল তার বিচার হচ্ছে ছবি বক্স অফিসে ১০০ কোটির ঘর ছুঁতে পারল কিনা।কিন্তু ১০০ কোটি মানুষের  হৃদয়ে দাগ কেটে যাওয়া তার চেয়ে অনেক কঠিন। আর এমন ছবিই বানাতে আগ্রহী অনুরাগ।তাঁর ছবি ১০০ কোটি টাকার ব্যবসা  না করলেও,পরিচালকের কোনও দুঃখ নেই।তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল,এই পরিচালকের হাত ধরেই একবার বলি উপহার পেয়েছিল 'কাইট'।আর তার পাশেই আজকের 'বরফি'।

অনুরাগের একান্ত উপলব্ধি, একজন পরিচালকের কাছে তাঁর প্রতিটি ছবিই খুব প্রিয়।প্রত্যেকটা ছবি নিয়ে একজন চিন্তাশীল পরিচালক অন্তত এক দুবছর ভাবনা -চিন্তা করে কাজ করেন। কিন্তু 'বরফি' অনুরাগের কাছে এক অন্য অনুভূতি।এর আগে এই পরিচালকের হাত ধরেই বলিউড উপহার পেয়েছে 'গ্যাংস্টার', 'লাইফ ইন আ মেট্রো' বা 'কাইটে'র মতো ছবি। আর অনুরাগের নতুন সংযোজন 'বরফি' তাঁর আগের প্রজেক্টগুলোর থেকে একেবারেই ভিন্ন।ছবি মুক্তির এক সপ্তাহ পরেও 'বরফি' হলে এখনও যথেষ্ট দর্শক টানছে। তবে পরিচালক একেবারেই চিন্তিত নয় যে তাঁর ছবি একশো কোটি টাকার ব্যবসা করতে পারল কিনা বা অস্কারের জন্য মনোনীত হবে কিনা।অনুরাগের কথায়, তাঁর আসল পুরষ্কার তিনি পেয়েই গেছেন।একশো কোটি মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে তাঁর ছবি।তিনি মনে করেন সেই কাজটা করাই সবচেয়ে কঠিন।
'বরফি'তে মূক ও বধিরের চরিত্রে অভিনয় করেছেন রনবীর কপূর।প্রিয়ঙ্কা চোপড়া এখানে 'অটিসিমে'র মতো রোগে আক্রান্ত।দুটো মানুষ তাঁদের শারীরিক এই অসুবিধা সত্ত্বেও কিভাবে ভাল থাকার চেষ্টা করছে,সেটাই দেখিয়েছে এই ছবি।দক্ষিণী অভিনেত্রী ইলিনা -ডি - ক্রুজ এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন,এবং প্রথম ছবিতেই তিনি দর্শকের মনে যথেষ্ট ছাপ ফেলতে পেরেছেন বলে মনে করেন পরিচালক।কর্ণ জহোর এবং অমিতাভ বচ্চন অনুরাগের 'বরফি'র প্রশংসা করার জন্যে তিনি তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।