অনুরাগ বসুর জাদুকাঠির ছোঁয়া৷ রনবীর-প্রিয়ঙ্কার চমক৷ সেই সূত্র ধরেই অস্কারের দোরগোড়ায় ‘বরফি’৷
একটি মুক ও বধির ছেলের সঙ্গে একটি অটিজমে আক্রান্ত মেয়ের বন্ধুত্ব, প্রেম কাহিনি৷ রণবীর কাপুর-প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ১৯৭০-এর দার্জিলিং-এর প্রেক্ষাপটে তৈরি এই ছবিই ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবারের ভারতীয় এন্ট্রি৷ শনিবার রাতে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতীয় ছবি হিসাবে অস্কারে ‘বরফি’-কে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷
১৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর-প্রিয়ঙ্কা অভিনীত এই ছবি৷ অনুরাগ বসুর পরিচালিত ইউটিভি মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজকেও৷ প্রাথমিক পর্বে নির্বাচিত ১৭ টি ভারতীয় ছবিকে পিছনে ফেলে এদিন অস্কারে যাওয়ার পাসপোর্ট হাসিল করে নেয় ‘বরফি’৷
‘বরফি’-র এই সাফল্যে খুশি ছবির প্রযোজক ,পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা৷

অনুরাগ বসুর আগের ছবি ‘কাইটস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও মুক্তির পর থেকেই দর্শক টানতে সক্ষম হয়েছে ‘বরফি’৷ রণবীর-প্রিয়ঙ্কা-ইলিয়েনার অভিনয়ের প্রশংসা হয়েছে বিভিন্ন মহলে৷ আর এদিনের অস্কারের দরজা খুলে যাওয়া ‘বরফি’ সব সাফল্যকে ছাপিয়ে গিয়েছে৷







