আমির খানের 'সত্যমেব জয়তে'র প্রভাব।এই শো প্রথম পথ চলা শুরু করে গত ৬ মে। ১৩ মে সম্প্রচারিত হয় শোয়ের দ্বিতীয় পর্ব। সেই শো দেখার পর ভোপালের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই তিনদিনের মধ্যে শিশু নির্যাতন সংক্রান্ত মোট ১২টি নতুন মামলা পেয়েছে। 'সত্যমেব জয়তে', সমাজের বিভিন্ন সমস্যাকে তথ্যের মাধ্যমে লোকচক্ষুর সামনে নিয়ে এসেছে। সাধারণ মানুষ ও প্রশাসনের সামনে খুলে দিচ্ছে এক অন্য দিশা।
'সত্যমেব জয়তে'র দ্বিতীয় পর্বে দেখানো হয়েছিল শিশু নির্যাতন সংক্রান্ত কিছু ঘটনা। সেই পর্ব দেখার পর ভোপালের 'চাইল্ডলাইন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে নতুন দুটো মামলা এসেছে। যেখানে শিশুদের ওপর যৌন নিগ্রহ চালানো হয়েছে। অন্য আরও ১২টি মামলা এসেছে বাচ্চাদের ওপর তাদের বাবা, মা বা অন্য আত্মীয় পরিজনের শারীরিক নির্যাতন সংক্রান্ত। ওই স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর অর্চনা সহায়ের দাবি, এর আগে এই ধরনের মামলা খুব বেশি আসেনি তাদের কাছে। 'চাইল্ডলাইন'-এ অনেক সময়ই বাচ্চারা পালিয়ে আসত তাদের বাড়ি থেকে মা, বাবার অত্যাচার সহ্য করতে না পেরে। ডিরেক্টর এও জানিয়েছেন, আমিরের শো দেখার পর এখন বাবা, মায়েরা আসছেন তাঁদের সংগঠনে ছেলেমেয়েদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষের মধ্যে তৈরি হয়েছে সচেতনতা। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে যে অনুষ্ঠান এত অল্পদিনে এরকম সচেতনতা তৈরি করতে পারে, সেই অনুষ্ঠান সমাজকে চালিয়ে নিয়ে যাওয়ার এক অভাবনীয় ক্ষমতা রাখে।







