মুম্বই: শনিবার রাজেশ খন্নার স্মরণ অনুষ্ঠানে হাজির থেকে শ্রদ্ধা জানালেন বলিউডের তারকারা৷ সারা দেশের মানুষ তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোয় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাজেশের জামাই অক্ষয় কুমার৷ শহরের উপকণ্ঠে একটি পাঁচতারা হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের প্রথম সুপারস্টারের বিচ্ছিন্না স্ত্রী ডিম্পল কপাডিয়া, দুই মেয়ে টুইঙ্কল, রিঙ্কি, জামাই অক্ষয়, নাতি আরভও। কয়েক প্রজন্মের তারকা-অভিনেতা-অভিনেত্রীকে এদিন মিলিয়ে দিয়েছিলেন 'রিয়েল লাইফে' মৃত 'আনন্দ'। হুইল চেয়ারে করে এসেছিলেন শশী কপূর। তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রজন্মের তারা রণবীর। ছিলেন 'বাবুমশাই' অমিতাভ বচ্চনও।

এদিন মুম্বইয়ে ওই অনুষ্ঠানে প্রয়াত অভিনেতার উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জয়া বচ্চন, জিতেন্দ্র, বিনোদ খন্না, সস্ত্রীক আমির খান, জয়াপ্রদা, অমর সিংহ প্রমুখ৷ সোনাক্ষী সিংহ, দীপিকা পাড়ুকন, টব্বুরাও ছিলেন। বুধবার সকালে রাজেশ খন্নার মৃত্যু হয়৷ তাঁর মৃত্যুর পর সারা দেশের মানুষ তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোয় সকলকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমার৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অক্ষয় লিখেছেন, আপনারা সকলেই রাজেশ খন্নাকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন৷ সকলকে ধন্যবাদ জানাই৷ দুঃসময়ে আমাদের সমবেদনা জানিয়েছেন আপনারা৷ আমাদের নিয়ে আপনাদের এই চিন্তা দুঃখের দিনে কাজে দিয়েছে৷ সকলকে অনেক ধন্যবাদ৷