ফের বিস্ফোরণে রক্তাক্ত হল আফগানিস্তান. মঙ্গলবার শিয়াদের পবিত্রদিনে (অসুরা) জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী শহর. বিস্ফোরণ হয় উত্তরের শহর মাজার-ই-শরিফেও. এই তিন বিস্ফোরণে নিহত হয়েছে শিশু-সহ অন্তত ৬০ জন. আহতের সংখ্যা অসংখ্য.
কাবুল পুলিশ জানিয়েছে, এদিন মধ্য কাবুলের আবু-উল-ফাজিল ধর্মস্থানের প্রবেশপথে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়. পবিত্রদিনে অসংখ্য শিয়া পুণ্যার্থী সেখানে  জমায়েত হয়েছিলেন. আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ. প্রাথমিকভাবে মৃত্যু হয় ৩০ জনের. পরে ওই সংখ্যা আরও বাড়ে. মাজার-ই-শরিফের বিস্ফোরণে মারা যান বেশ কয়েকজন জন. পুলিশের অনুমান, সেখানে কোনও আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়নি. একটি সাইকেলের মধ্যে বিস্ফোরক রাখা ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ. তালিবান বা অন্য কোনও জঙ্গি সংগঠন এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি.
তালিবান জমানায় নিষিদ্ধ হয়েছিল প্রকাশ্যে অসুরা-পালন. হামিদ কারজাইয়ের শাসন শুরু হওয়ার পর সেই নিষেধাজ্ঞা উঠে যায়. এ বছর দেশের শিয়ারা প্রচুর অসুরা-সৌধ নির্মাণ করেছিলেন. কালো সৌধ ও পতাকায় ঢাকা পড়েছে বহু শহরের রাস্তাঘাট. পুণ্যার্থীরা ভিড়ে জমাচ্ছিলেন ধর্মীয়স্থানে. জঙ্গিরা নাশকতার জন্য এই সময়টিকেই বেছে নিয়েছে. কাবুলের এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, লোগার প্রদেশ থেকে একদল পুণ্যার্থী এসেছিলেন আবু-উল-ফাজিল ধর্মস্থানে. আত্মঘাতী জঙ্গি তাঁদের মধ্যেই লুকিয়েছিল বলে মনে করা হচ্ছে.