ইসলামাবাদ: সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সুর বদল রাজা পারভেজ আশরফের।সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা চালু না্ করায় আদালত অবমাননার মামলায় আজ পাক সুপ্রিম কোর্টে হাজির হন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ৷ শীর্ষ আদালতের বেঞ্চে হাজির হয়ে পাক প্রধানমন্ত্রী জানান, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা গুটিয়ে ফেলতে সুইস ব্যাঙ্ককে যে চিঠি দিয়েছিলেন, তা প্রত্যাহার করে নিতে ইতিমধ্যেই আইনমন্ত্রী ফারুক নায়েককে নির্দেশ দেওয়া হয়েছে৷পাক আইনি বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর এবার বল চলে গেল সুইস কর্তৃপক্ষের কোর্টে। তারাই ঠিক করবে, জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলাগুলি জিইয়ে তোলা হবে কিনা।আজ এই মামলার শুনানি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, জারদারি ধাক্কা খেলেন। যদিও শাসক দল পাকিস্তান পিপলস পার্টি এই ধারণা উড়িয়ে দাবি করছে, জারদারির সঙ্গে পরামর্শ করেই পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।
আদালত কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য এবং পিপিপির নেতৃত্বাধীন শাসক জোটের নেতৃবৃন্দ৷ আদালতের বাইরে সাংবাদিকদের পাক সরকারের এক মন্ত্রী বলেন, বিচারবিভাগের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য সব ধরনের বিকল্প বিবেচনা করছে সরকার৷ দ্বিতীয় পাক প্রধানমন্ত্রী হিসেবে আদালতে হাজিরা দিতে হল আশরফকে ৷ এর আগে তাঁর পূর্বসূরী ইউসুফ রাজা গিলানিকেও এই একই মামলায় হাজিরা দিতে হয়েছিল৷ এই মামলায় দোষী সাব্যস্ত ঘোষণা করে গিলানিকে জুন মাসে আদালত প্রধানমন্ত্রী পদের অযোগ্য বলে রায় দিয়েছিল ৷
আদালতে হাজিরা পাক প্রধানমন্ত্রীর
Tags:







