গভীর রাতে গন্তব্যে যেতে রাজি না হওয়ায় ট্যাক্সিচালককে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশ ইন্সপেক্টরের মেয়ে৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও চার যুবককে৷ অভিযোগ, ধৃতরা পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে৷ পাঁচ অভিযুক্তকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়৷


শনিবার গভীর রাতে বালিগঞ্জ স্টেশনের কাছে একটি নাইট ক্লাব থেকে বের হন সুমিত রায়চৌধুরী, প্রসেনজিত্ দাশগুপ্ত, উদ্দালক মিত্র, শান্তনু চট্টোপাধ্যায় এবং অর্পিতা ভট্টাচার্য৷ অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন৷ বিজন সেতুর সামনে তাঁরা এক ট্যাক্সিচালককে বেহালার দিকে যেতে বলেন৷ অভিযোগ, চালক যেতে রাজি না হলে তাঁরা তাঁকে মারধর করেন৷ ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ৷ অভিযোগ, মৃণাল বন্দ্যোপাধ্যায় এবং এস মল্লিক নামে দুই পুলিশকর্মীর সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এই পাঁচজন৷ এরপর ঘটনাস্থলে গড়িয়াহাট থানা থেকে আরও পুলিশকর্মী আসে৷ গ্রেফতার করা হয় চার যুবককে৷
এই ঘটনায় অভিযুক্ত অর্পিতা ভট্টাচার্য কলকাতা পুলিশের সেভেন্থ ব্যাটেলিয়নের ইন্সপেক্টরের মেয়ে৷ এই কারণে তাঁকে প্রথমে পুলিশ গ্রেফতার করতে দেরি করে বলে অভিযোগ৷ তাঁকে শনিবার রাতে আটক করা হয়৷ পরে ট্যাক্সিচালকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই তরুণীকে৷



Tags: