বুধবারের অশান্তির জেরে বৈধ পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল নর্থ সিটি কলেজে৷ পরিচালন সমিতির বৈঠকে এদিন সিদ্ধান্ত হয়, কলেজে থাকবে নিরাপত্তা রক্ষী৷ কলেজ চত্বরে লাগানো হবে ক্লোজড সার্কিট ক্যামেরা৷
গতকাল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বৃহস্পতিবার তড়িঘড়ি বৈঠকে বসে ব্রাহ্ম সমাজ এডুকেশনাল সোসাইটি পরিচালিত কলেজের পরিচালন সমিতি৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, বৈধ পরিচয়পত্র ছাড়া কলেজে ঢোকা যাবে না। কলেজে থাকবে নিরাপত্তা রক্ষী
কলেজ চত্বরে বসানো হবে ক্লোজড সার্কিট ক্যামেরা।
তৃণমূল ছাত্র পরিষদের হামলার অভিযোগে পঠনপাঠন বন্ধ হয়েছিল সুরেন্দ্রনাথে৷ বুধবার সুরেন্দ্রনাথের ঘটনারই পুনরাবৃত্তি হয় আমহার্স্ট সিটি কলেজে৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিজের কলেজে তাঁরই দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদ এমন জায়গায় পৌছয় যে, ইটের আঘাতে আহত হন কয়েকজন৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও নিরাপত্তা চেয়ে আতঙ্কিত অধ্যক্ষ ফোন করেন উচ্চশিক্ষা দফতরে৷ বৃহস্পতিবার নতুন করে অশান্তি না ছড়ালেও পরিবেশ ছিল থমথমে৷ কলেজ চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল৷ ক্লাস হলেও ছাত্রদের উপস্থিতির হার ছিল বেশ কম৷ অন্যদিনের মতো কলেজের বাইরে বহিরাগতদের ভিড়ও চোখে পড়েনি এদিন৷
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কলেজে অশান্তির কারণ তৃণমূলের দুই পন্থীর লড়াই৷ আর এই বিবাদের ব্যাপ্তি বিস্তৃত দলের শীর্ষস্তর পর্যন্ত৷ তাই পরিচালন সমিতির সিদ্ধান্তে সাময়িক স্বস্তি পেলেও আশঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছেন কলেজের শিক্ষকরা৷



 

More News