কর্মনাশা বনধে্র সকাল থেকেই ব্যাহত সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিন৷ শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় বনধে্র সকালে খুব কম গাড়ি চোখে পড়েছে৷ রাস্তায় দেখা গিয়েছে কয়েকটা সরকারি বাস৷ তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম৷ অপর দিকে বেসরকারি বাস রাস্তায় প্রায় ছিলই না৷ট্যাক্সি ধর্মঘটের জেরে রাস্তায় ছিল না ট্যাক্সিও৷ বনধে্র দিনে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ বনধ্ মোকাবিলায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীও৷ হাওড়া স্টেশন চত্বরেও চোখে পড়েনি বেসরকারি বাস৷ সরকারি বাসও সেখানে প্রয়োজনের তুলনায় ছিল কিছুটা কমই৷ এদিকে জোর করে বনধ্ সফল করতে গিয়ে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয় ২০ জন বিজেপি সমর্থককে৷
শ্যামবাজার থেকে বনধে্র সমর্থনে মিছিল ও জোর করে পথ অবরোধের চেষ্টা করার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ সকাল ১০টা নাগাদ ২০-২৫ জন এসইউসিআই সমর্থক শ্যামবাজারে মিছিল করে আসেন৷ চেষ্টা করেন পথ অবরোধের৷ পুলিশ বাধা দিলেও তাঁরা বিরত হননি৷ মিছিল চালিয়ে যান৷ এর পরই ২১জনকে গ্রেফতার করে পুলিশ৷
তবে কর্মনাশা বনধে্র সকালে পুরোপুরি স্বাভাবিক ছিল কলকাতা বিমানবন্দর৷ বনধে্র কোনও প্রভাবই পড়েনি সেখানে৷ সময় মতোই চলেছে সব বিমান৷ দুর্ভোগ এড়াতে বুধবার রাত থেকেই অনেক যাত্রী এসে বিমানবন্দরে থেকে যান৷ সময়ে বিমান ওড়ার পাশাপাশি কলকাতায় আসা বিমানগুলিও মাটি ছুঁয়েছে সময়েই৷ তবে সকালে বিমানবন্দর থেকে শহরে পৌঁছতে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ বনধে্র পাশাপাশি ট্যাক্সি ধর্মঘটের জেরেও তৈরি হয়েছে সমস্যা৷ তবে পাওয়া যাচ্ছে প্রিপেড ট্যাক্সি৷ যাত্রীদের পৌঁছনোর জন্য চালানো হচ্ছে অতিরিক্ত বাসও৷ কোনও যাত্রী নিরাপত্তার অভাব বোধ করলে তাঁদের জন্য বিশেষ নিরাপত্তারও বন্দোবস্ত রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷
কর্মনাশা বনধে্ বাগুইআটিতে আজ সকালে বিজেপি সমর্থকরা প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ২০ জন বনধ্ সমর্থককে গ্রেফতার করে৷ যশোর রোডে বিজেপি সমর্থকরা বাসে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে৷ সেই সময় টিএমসি সমর্থকরা তাঁদের বাধা দিতে গেলে এক তৃণমূল সমর্থককে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ৷ এই ঘটনায় এক বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ৷







