জম্মু-কাশ্মীরের কয়েকটি বাছাই করা জায়গা থেকে আফস্পা তুলে নেওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের সঙ্গে দেখা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা. এর পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, আফস্পা নিয়েই মূলত কথা হয়েছে. আমি আমার বক্তব্য পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি. আমরা এমন ব্যবস্থা করতে চাইছি যাতে রাজ্যবাসী এবং সেনাবাহিনী, দু পক্ষই খুশি হয়. জম্মু-কাশ্মীরের বর্তমান অবস্থা সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে ওয়াকিবহাল করার উদ্দেশ্যেই আমার এই দিল্লি সফর.
কয়েক দিন আগে ফারুক আবদুল্লা পুত্র জানিয়েছিলেন, বেশ কয়েক মাস ধরে রাজ্যের বাসিন্দারা জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানোর লক্ষ্যে বিশেষ ভুমিকা পালন করছেন. ফলে রাজ্যের কয়েকটি জায়গা থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা তুলে নেওয়ার সময় হয়েছে. তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে সরকারের বিভিন্ন মহলে. প্রসঙ্গত, রবিবার প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে আফস্পা ইস্যুতে বৈঠক করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী.