ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ইউপিএ-র শরিক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন, তখন পেট্রোলিয়ামমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞাপনে ঘুরিয়ে রাজ্য সরকারগুলিকেই দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হল৷ আজ দেশের প্রথম সারির সংবাদপত্রগুলিতে প্রকাশিত ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০১১-১২ আর্থিক বর্ষে রাজ্য সরকার তেল ক্ষেত্রের কাছ থেকে সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ১২ হাজার ৯০০ কোটি টাকা সংগ্রহ করেছিল৷

তবে, রাজ্য সরকার ভর্তুকির বোঝা কাঁধে নিতে চায়নি৷ তাই রাজ্য সরকারকে কর কমানোর পরামর্শ দেওয়া হয়েছিল৷ এছাড়া বিজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিককালে ডিজেলের মূল্যবৃদ্ধির দরুণ রাজ্যের বছরে প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব লাভ হবে৷ কেন্দ্রের আশা, রাজ্য অন্তত এই অতিরিক্ত রাজস্ব সাধারণ মানুষের অতিরিক্ত সুযোগ সুবিধায় ব্যয় করবে৷ পাশাপাশি, এই ব্যবস্থার সমালোচকদের গঠনমূলক বিকল্প ও বর্তমান সমস্যা মোকাবিলার পথের সন্ধান দিতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞাপনে৷







