নয়াদিল্লি: অবশেষে ভেঙে গেল টিম অণ্ণা। দুবছর একসাথে পথ চলার পর বিচ্ছেদ চূড়ান্ত হল অণ্ণা ও তাঁর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়ালের।অণ্ণা হজারে জানিয়ে দিয়েছেন, তিনি অরবিন্দ কেজরিওয়ালের গড়া রাজনৈতিক দলের সদস্য হতে রাজি নন।টিম অণ্ণার মধ্যে এবিষয়ে আলোচনরা পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা প্রবীন এই নেতা বলেন,রাজনীতির ময়দানে তিনি কখনও পা রাখবেন না । রাজনীতিতে তাঁর কোনও আগ্রহও নেই। রাজনীতির কোনও ব্যক্তিকে তাঁর নামও ব্যবহার করতে দেবেন না তিনি।অবশ্য কেজরিওয়াল ও তাঁর পথ এখন থেকে আলাদা হয়ে গেলেও, কেজরিওয়ালকে তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন অণ্ণা।তবে কিরণ বেদী এবং সন্তোষ হেগড়ে তাঁর সঙ্গেই রয়েছেন বলে অণ্ণা জানিয়েছেন।টিম অণ্ণার আজকের এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কিরণ বেদী, সন্তোষ হেগড়ে, অরবিন্দ কেজরিওয়াল,প্রশান্ত ভূষণ এবং মনীশ সিসোডিয়া।শক্তিশালী লোকপালের দাবিতে বেশ কয়েকবার অনশন কর্মসূচী নিয়েছেন অণ্ণা। তাঁর স্পষ্ট বক্তব্য,তিনি কখনওই কোনও রাজনৈতিক দলের শরনাপন্ন হবেন না।অরবিন্দ কেজরিওয়াল যদি চান, তাহলে তিনি অবশ্যই নতুন দল গড়ার পথে এগিয়ে যেতে পারেন, কিন্তু তিনি তাঁর সঙ্গে থাকবেন না।তাই আজ থেকে আলাদা ভাবেই পথ চলবেন কেজরিওয়াল এবং টিম অণ্ণা।
টিম অণ্ণায় ভাঙন







