নয়াদিল্লিঃ কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে ধর্মঘটে বামেদের পাশে সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব৷ দিল্লির যন্তরমন্তরে যৌথ বিক্ষোভ প্রদর্শনের পর সিপিএম সাধারন সম্পাদক প্রকাশ কারাট, সিপিআইয়ের প্রবীন নেতা এবি বর্ধন, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিদের সঙ্গে গ্রেফতার বরণ করলেন মুলায়ম৷ আজ ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই এবং বহুপণ্যের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি অনুমোদনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এদিনের ডাকা বনধের সমর্থনে যন্তরমন্তরে যৌথভাবে বিক্ষোভ দেখান বাম এবং সমাজবাদী পার্টির নেতারা৷ বিক্ষোভ প্রদর্শনের পর সমর্থকদের নিয়ে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে গ্রেফতার বরণ করেন দুই দলের নেতারা৷

ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই এবং বহুপণ্যের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি অনুমোদনের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তৃতীয় রাজনেতিক বিকল্পের কথা ভাবতে হবেন বলে কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন মুলায়ম।তৃতীয় বিকল্পের ইঙ্গিত দিয়ে ইয়েচুরিও বলেছেন, অ-কংগ্রেস ও অ-বিজেপি দলগুলির একজোট হওয়া উচিত।মানুষকে বিকল্প দিতে সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে এই দলগুলির মধ্যে ঐক্য গড়ে উঠুক,এটাই তাঁরা চাইছেন বলে জানিয়েছেন ইয়েচুরি।মুলায়ম এই তৃতীয় মোর্চার ধাঁচের জোটের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত বলে মন্তব্য করেছেন কারাট।
এদিন বাম নেতাদের সঙ্গে গ্রেফতার বরণ করলেও বিজেপির থেকে শতহস্ত দূরেই থেকেছেন। বিজেপি নেতাদের সঙ্গে বনধের সমর্থনে বামেরা একমঞ্চে হাজির হলেও মুলায়ম তাতে যোগ দেননি।







