দেশজুড়ে জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়েছে. মুম্বই বিমানবন্দরে হামলা চালাতে পারে জঙ্গিরা. ছোট ছোট বিমান নিয়ে হামলা চালাতে পারে তারা. গোয়েন্দাসূত্রে এমনই কথা জানানো হয়েছে. আর, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বইকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে. মুম্বইয়ে জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে সুরাত থেকে মঙ্গলবার দিনই ইউসুফ আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে. মুম্বই এটিএস-এর দেওয়া তথ্যের ভিত্তিতে সুরাট পুলিশ ওই ব্যক্তিকে মহারাষ্ট্রের জলগাঁও থেকে গ্রেফতার করেছে. মোবাইলের টাওয়ারের লোকেশন ট্রেস করে পুলিশ ইউসুফের খোঁজ পায়. ধৃত ইউসুফ মোবাইলে বিস্ফোরণ ঘটানোর বিষয়ে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছিল বলে জানিয়েছে পুলিশ. অন্যদিকে, এদিন নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকেও. গোয়েন্দাসূত্রে খবর, নয়াদিল্লিতে সিবিআইয়ের সদর দফতরেও হামলা চালাতে পারে জঙ্গিরা. তারপরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লিতে. আগাম সতর্কতা হিসেবে দিল্লিতে মোতায়েন করা হয়েছে ২০ হাজার পুলিশ কর্মী. গত ৭ সেপ্টেম্বর দিল্লিতে বিস্ফোরণের পরই ইন্ডিয়ান মুজাহিদিনের তরফে ই-মেল করে ১৩ সেপ্টেম্বর অর্থাত্‍ মঙ্গলবার ফের বিস্ফোরণ ঘটানোর হবে. তেমন কোনও ঘটনা যাতে না ঘটতে পারে, সেজন্যই এই সতর্কতা নিয়েছে প্রশাসন. 
           এদিকে সোমবার রাত থেকেই কলকাতা শহরে বিস্ফোরণের গুজব রটে গিয়েছে.  এসএমএস ও ই-মেলের মাধ্যমে রটানো হয়েছে, মঙ্গলবার শহরের যেকোনও শপিং মলে ঘটে যেতে পারে বিস্ফোরণ. এই গুজব রটার সঙ্গে সঙ্গেই  এসএমএসের উত্‍স সন্ধানে তদন্তে নামেন গোয়েন্দারা. সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশকেও. রাজ্যের তরফে বিষয়টি জানানো হয়েছে এনআইএকেও. বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন শপিং মলগুলিতে. শেষ পর্যন্ত রাত দেড়টা নাগাদ জানা যায়, তোপসিয়ার একটি স্কুল থেকে ছড়ানো হয়েছে এই এসএমএস. পুলিশসূত্রে জানানো হয়েছে, এই এসএমএস একেবারেই ভিত্তিহীন. গুজবে কান না দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশসান.৭ সেপ্টেম্বর দিল্লিতে বিস্ফোরণের পরই ইন্ডিয়ান মুজাহিদিনের তরফে ই-মেল করে মঙ্গলবার ফের বিস্ফোরণের হুমকি দেওয়া হয়ে. তারপরই সোমবার রাত থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই গুজব ছড়ানো হয়েছে বলে দাবি পুলিশের. কে বা কারা এই গুজব ছড়ালো, তা তদন্ত করে দেখছে পুলিশ.