সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্যোগ নিলেও ফর্মে থাকা লক্ষ্মীরতন শুক্লের আইপিএল-এ পুণে ওয়ারিয়র্সে খেলা হচ্ছে না। লক্ষ্মী থেকে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সে। গতবার আইপিএল-এ কেকেআর-এর হয়ে একটি ম্যাচ খেলানো হয়েছিল লক্ষ্মীকে। সহারা বনাম বোর্ড সংঘাত মিটমাট হয়ে যাওয়ার পরেই পুণে ওয়ারিয়র্স অধিনায়ক তাঁর টিমের জন্য চান লক্ষ্মীকে। দরকার ছিল কেকেআর কর্তৃপক্ষের ‘রিলিজ’।
লক্ষ্মীকে পেতে মোটা অঙ্কের টাকা কেকেআর-কে দিতে তৈরি ছিল পুণে ওয়ারিয়র্স। কথাবার্তাও অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বাদ সাধেন কেকেআর কোচ ট্রেভর বেলিস। তিনি জানিয়ে দেন, লক্ষ্মীকে ছাড়া যাবে না। পুণে-র হয়ে খেলতে মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু কেকেআর না চাওয়ায় পুণে যাওয়া হচ্ছে না। তবে কেকেআর লক্ষ্মীকে প্রতিশ্রুতি দিয়েছে, এ বার তাঁকে অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা হবে। বুধবার লক্ষ্মী বলেন, “রান পাচ্ছি, পারফরম্যান্স ভাল হচ্ছে। আশা করি, আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারব।” ও দিকে, পুণে ওয়ারিয়র্সে বিদেশিদের মধ্যে থাকছেন গ্রেম স্মিথ, ক্যালাম ফার্গুসন, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, জেমস হপস, জেসি রাইডার, মার্লন স্যামুয়েলসরা।







