রাজস্থান রয়্যালসের সামনে প্রথমে ব্যাট করে ১৯৬ রানের বিশাল টার্গেট রেখেও আইপিএল ফাইভে তাদের প্রথম জয় পেতে ব্যর্থ হল ডেকান চার্জার্স। টানা তিনটে ম্যাচ হেরে লিগ তালিকার তলানিতেই থেকে গিয়েছে কুমার সঙ্গকারার দল। অন্য দিকে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হিসেবে শুরু করে এখন আইপিএল টেবলের এক নম্বরে উঠে এসেছে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস।
ম্যাচ শুরুর আগে রাজস্থান উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী চোট পেয়ে যাওয়ায় মাত্র কয়েক ঘণ্টার প্রস্তুতি নিয়ে এ দিন খেলতে নেমেছিলেন দিশান্ত যাগ্নিক (৩ বলে ৯)। ম্যাচের শেষ ওভারে ডেল স্টেইনকে পরপর দুটো চার মেরে জয়ের রান এল তাঁরই ব্যাট থেকেই। শুরুটা অবশ্য করে গিয়েছিলেন মি. ডিপেন্ডবল দ্রাবিড়ই (২৪ বলে ৪২) এবং অজিঙ্ক রাহানে (৩১ বলে ৪৪)। ওয়েইস শাহ (১২) এ দিন ব্যর্থ হলেও সেটা পুষিয়ে দিয়েছেন ব্র্যাড হজ। ২১ বলে হজের ৪৮ রানই রাজস্থানকে জয়ের দিকে নিয়ে গিয়েছে। ডেকান বোলারদের মধ্যে অমিত মিশ্র তিন উইকেট পেলেও শেষ পর্যন্ত কোনও প্রভাব ফেলতে পারেননি।
এখন ১ নম্বরে দ্রাবিড়ের রাজস্থান







