চেন্নাই:নাইট রাইডার্স ইতিমধ্যেই পৌঁছে গেছে ফাইনালে৷ দ্বিতীয় ফাইনালিস্ট কারা? সুযোগ দিল্লি ও চেন্নাইয়ের সামনে৷
কিছুটা ভাগ্যের জোরেই প্লে-অফে পৌঁছনোর পর চেন্নাই প্লে-অফের প্রথম ম্যাচে মুম্বইকে দাঁড়াতেই দেয়নি ধোনির দুরন্ত ব্যাটিংয়ে৷ মুখোমুখি এবার দিল্লি ডেয়ারডেভিলস৷ প্লে-অফের প্রথম খেলাতেই এবারের টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলেছে চেন্নাই৷ প্রথমে ব্যাট করে বোর্ডে ১৮৭ রান তোলার পর চেন্নাই ঘুরে দাঁড়িয়েছে দুরন্তভাবে৷ 
প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইয়ে সহবাগের দিকে নজর তো থাকবেই৷ সহবাগ ছাড়াও দিল্লি সমর্থকরা ম্যাচ জিততে তাকিয়ে থাকবেন ডেভিড ওয়ার্নারের দিকে৷ বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিতে তৈরি মর্নে মরকেল৷ এবারের আইপিএলে শত রানও এসেছিল ওয়ার্নারের ব্যাট থেকে। আর মরকেল এগিয়ে রয়েছে সেরা বোলার হওয়ার দৌড়ে৷
দিল্লিতে যদি সহবাগ থাকেন চেন্নাইয়ে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি৷ টি-২০ ফরম্যাটে যেকোনও দিন একাই ম্যাচ জেতাতে পারেন ধোনি৷ দিল্লির বিরুদ্ধে ধোনি ছাড়াও নজর থাকবে আলবি মরকেল ও মাইক হাসির দিকেও৷
আইপিএলে গত ম্যাচেই ৪৯ রান করেছেন মাইক হাসি৷ টি-২০ ফরম্যাটে বরাবরই বিপজ্জনক হাসি৷ অন্যদিকে গত টুর্নামেন্টে সফল দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার আলবি মরকেল প্লে-অফ ম্যাচে দারুণ কিছু করে দেখালে অবাক হওয়ার কিছু নেই৷
দুই দলেই রয়েছে এক ঝাঁক তারকা৷ জিতবে তারাই যারা শুক্রবার স্নায়ুর যুদ্ধে একে অপরকে টেক্কা দেবে৷
আজ ধোনি বনাম সহবাগ দ্বৈরথ







