চেন্নাই: চিদম্বরম স্টেডিয়ামের রণক্ষেত্রে কঠিন পরীক্ষা৷ শুধু পারফরমেন্স নয়, ধোনি-বাহিনীর সঙ্গে লড়াইয়ে কিস্তিমাত্ করতে গম্ভীর-বাহিনীর প্রয়োজন সুনির্দিষ্ট রণকৌশল৷ সেটাই হয়ে উঠতে পারে টিম কলকাতার আইপিএল-জয়ের ফর্মুলা৷
প্রথমবার আইপিএলের ফাইনালে৷ চিদম্বরমের কুরুক্ষেত্রে নামার আগে প্রত্যাশার পারদ নেমে এসেছে স্নায়ুর চাপ হয়ে৷ দিল্লি নয়, গম্ভীর-বাহিনীর প্রতিপক্ষ এখন চেন্নাই৷ শুধু পারফরমেন্সই নয়, ফাইনালে লড়তে হবে মাহির বহু-চর্চিত ভাগ্যের সঙ্গেও৷
কী হতে পারে টিম চেন্নাইয়ের রহস্যভেদের রেসিপি? ধোনি, মুরলী, ব্র্যাভো, অশ্বিন - টিম সুপার কিংসের বিষাক্ত ছোবল এড়াতে গম্ভীর-বাহিনীর জন্য টোটকা কি? বিশেষজ্ঞদের টোটকা,
রবিবারের কুরুক্ষেত্র চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম৷ চিদম্বরমের পিচ কিছুটা স্লো হলেও যথেষ্ট ব্যাটিং-সহায়ক৷ যথেষ্ট শটস খেলতে পারছেন ব্যাটসম্যানেরা৷ তাই, টসে জিতলে ব্যাটিংই নেওয়া উচিত৷

  • মেগা-ফাইনাল, হাই-ভোল্টেজ ম্যাচ৷ স্নায়ুর চাপকে সামলানোটাও তাই বড় পরীক্ষা৷ 
  • ধোনিই আসল ম্যাচ উইনার৷ তাঁকে আটকানোটা গম্ভীর বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন৷
  • ঠাণ্ডা মাথায় চেন্নাইয়ের মর্কেল, অশ্বিনের আগুনে বোলিং সামলানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ন৷

ফাইনালেও শুধু গম্ভীর বা নারিনের উপর নির্ভর করলেও তীরে এসে তরী ডোবার সমূহ সম্ভাবনা৷ কালিস ,লক্ষ্মীদেরও উজাড় করে দিতে হবে নিজেদের৷ এর আগে সুপারকিংসকে চেন্নাইতেই  পাঁচ উইকেটে উড়িয়ে দিয়েছে নাইটরা৷ চাই, সাফল্যের সেই রসায়নের পুনরাবৃত্তি৷ আরও একবার৷
শুধু ব্যাট হাতে অশ্বিন-মর্কেলদের সামলানোই নয়, ধোনি-রায়নাদের ফিল্ডিং ঠেকানোটাও ফাইনালের মহারণের রণকৌশল করতে হবে গম্ভীরকে৷
নিন্দুকেরা বলেন ধোনি-ভাগ্য৷ তাঁর চওড়া কপাল নিয়ে চর্চার গ্রহণে অনেক সময়ই ঢেকে গিয়েছে শেষ মুহূর্তে তাঁর জ্বলে ওঠা পারফরম্যান্স৷ টুর্নামেন্টের ৮ নম্বরে ফিনিশ করা ডেকানের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স যদি না হারত, এবারের আইপিএলে টিম ধোনির ফাইনালে ওঠাটাও হয়তো অধরা স্বপ্নই রয়ে যেত৷ তবু তো কখনও পারফরমেন্স ছাপিয়ে যায় ভাগ্যকেও৷ সেই চ্যাম্পিয়ন্স লাককে গম্ভীর এবার হারাতে পারেন কি না, সেটাই দেখার৷