কলম্বোঃ শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই খারাপ খবর টিম ধোনির জন্য৷ ভারত-শ্রীলঙ্কা ওয়ার্ম-আপ ম্যাচ চলাকালে হাতে চোট পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর৷ শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গার বলে হাতে চোট পান তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷
বীরেন্দ্র সহবাগের সঙ্গে ব্যাট করতে নামেন গম্ভীর। শুরুটা ভালোই করেন তিনি। একটি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করেন তিনি। এরপরই মালিঙ্গার বলে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পেলেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। তবে, চিন্তার কিছু নেই,  বলে জানালেন চিকিত্সকরা৷
এই ম্যাচে ভারত এক সময় ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান তোলে।সহবাগ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না এবং বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ হন। এরপর ইনিংসের হাল ধরেন রোহিত শর্মা এবং অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।তাঁরা ৬৪ বলে ৭৮ রান যোগ করেন। ধোনি ৪২ বলে ৫৫ এবং রোহিত ২৬ বলে ৩৭ রান করেন। ভারত নির্ধারিত ২০ ওভারে করে ৫ উইকেটে ১৪৬ রান। আগামী সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর বিশ্বকাপ শুরু হচ্ছে।

Tags: