কলম্বো: টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২৩ রানে হারিয়ে দিয়েছে ভারত৷ ব্যাটে ১৮ রানের পর বল হাতে ৩ উইকেট এবং একটি ক্যাচ নিয়ে ফের নজর কাড়লেন যুবরাজ সিংহ৷ তবে দাগ কাটতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং৷
বোলার যুবরাজের জাদুতেই ২৩ রানে জিতে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত৷ ধোনিরা জিতলেন না বলে কান ঘেঁষে বেঁচে গেলেন বলাই হয়তো ভাল৷ ভাগ্যিস প্রতিপক্ষ আফগানিস্তান৷ রাতের প্রেমদাসায় ভারতের ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে একটা সময় ১ উইকেটে ৫২ রানে পৌঁছে গিয়েছিল অনভিজ্ঞ আফগানরা৷ 
নওরোজকে তুলে যুবরাজ-ই পাল্টা ধাক্কা দেন৷ এরপর দ্বাদশ ওভারের দ্বিতীয়-তৃতীয় বলে পরপর ফিরিয়ে দেন করিম-আসগরকে৷ সেখান থেকেই জয়ের হাইওয়ের সন্ধান পায় ধোনির ভারত৷ আফগানরা থামে ১৩৬ রানে৷ ২৪ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি একটি ক্যাচও নেন যুবি৷ বালাজি ১৯ রানে ৩ উইকেট নেন৷ ২টি উইকেট অশ্বিন আরেকটি ইরফানের ঝুলিতে৷ এর আগে ব্যাট হাতেও একটি যুবরাজকীয় ছক্কা ছিল৷ কিন্তু সম্ভাবনার অপমৃত্যু ঘটে ২০ বলে ১৮ রানে৷
তবে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে একেবারেই ম্যাড়মেড়ে ছিল ভারতের ব্যাটিং৷ টসে হেরে অনেক কষ্টে ৫ উইকেট খুইয়ে ১৫৯ তোলে ধোনির ভারত৷ কোহলির ৫০ আর রায়নার ৩৮ ছাড়া প্রেমদাসার স্কোরবোর্ডে বলার মতো রান নেই৷ গম্ভীর-সহবাগ ওপেনিং জুটি চলেনি৷ শেষদিকে ধোনির চালিয়ে খেলে ৯ বলে ১৮ নটআউট। নাহলে টেনেটুনে দেড়শো-ও হত না ভারতের৷ জয় দিয়ে অভিযান শুরু হলেও কোচ ফ্লেচারের খাতায় থেকে গেল অনেক লাল কালির দাগ৷ বিশেষত কাগজে কলমে বিশ্বসেরা ব্যাটিং নিয়ে৷
ফের যুবির হাত ধরেই ভারতের জয়







