নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা৷ পরপর ৩ বার ক্লিন বোল্ড৷ সচিন তেন্ডুলকরের অবসর নিয়ে টালমাটাল বিতর্কের মাঝে ইমরান থেকে মিয়াঁদাদ, নানা মুনির যখন নানা মত, তখন একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী,ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান ব্রায়ান লারা সচিনের পাশে দাঁড়ালেন৷ টেস্টে আরও ২ বছর স্বচ্ছ্বন্দে খেলে যেতে পারেন বলে জানিয়েছেন লারা৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে লারা বলেছেন, ‘‘টি২০ থেকে অনেকদিনই সরে গেছে সচিন৷ একদিনের ক্রিকেটও নিয়মিত খেলছে বলে নিশ্চিত নই৷ তবে টেস্টে আরও ২ বছর স্বচ্ছ্বন্দে চালিয়ে যেতে পারে সচিন৷’’
লারার মতে, ‘‘সচিন ১৫-১৬ বছর বয়সে খেলা শুরু করেছিলেন৷ আমি তার বছরখানেক পর৷ আমি অবসর নিয়েছি ৫ বছর আগে৷ কিন্তু সচিন এখনও চালিয়ে যাচ্ছে৷ আন্তর্জাতিক কেরিয়ারে ২৫ বছর পূর্ণ করার পথে এগোচ্ছে৷ এটা বিরাট কৃতিত্ব৷’’
১৯৮৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের৷ কেরিয়ার জুড়েই বারবার তুলনা হয়েছে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীকে ঘিরে৷ তর্ক চলেছে কে সেরা৷ তবে অবসরের পর লারাই এখন প্রবলভাবে ব্যাট ধরেছেন প্রাক্তন প্রতিদ্বন্দ্বী আর বন্ধুর জন্য৷
সচিনের পাশে ব্রায়ান লারা
Tags:







