সোমবার মহমেডান স্পোর্টিংকে হাফডজন গোলে হারিয়ে ৩৩-তম কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল৷ বিদায়ী ম্যাচেও ৪ গোল করে জয়ের নায়ক  টোলগে ওজবে৷ শিলিগুড়িতে প্রয়াগের কাছে ২-০ গোলে হেরে চুরমার মোহনবাগানের লিগ-স্বপ্ন৷

এদিন মহমেডানকে ৬ গোলে বিধ্বস্ত করে কলকাতা লিগ ঘরে তুললেন লাল-হলুদ ফুটবলাররা৷ যুবভারতীতে লালহলুদ জার্সিতে বিদায়ী ম্যাচেও নায়ক অস্ট্রেলিয়ান টোলগে৷ এই অসি স্ট্রাইকার একাই প্রথমার্ধে হ্যাটট্রিক সহ ৪ গোল করেন৷ ইস্টবেঙ্গলের অন্য দুটি গোল করেন পেন ওরজি এবং লেন৷ এ নিয়ে ৩৩-তম লিগ ঢুকল লালহলুদ তাঁবুতে৷ শিল্ডের পর কলকাতা লিগ৷ মরসুমে দ্বিতীয় ট্রফি মর্গ্যানের হাতে তুলে দিয়েই ফেয়ারওয়েল নিলেন লালহলুদ সমর্থকদের আদরের ‘টলি’৷
সোমবার ছিল কলকাতা লিগে যবনিকা পতনের জোড়া ম্যাচ৷ অন্য ম্যাচে শিলিগুড়িতে ফের প্রয়াগের কাছে হেরে বাগানের মরসুমের প্রথম ট্রফি জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায়৷ কাঞ্চনজংঘা স্টেডিয়ামে মোহনবাগান হারল ২-০ গোলে৷ প্রয়াগের হয়ে গোল করেন জোসিমার এবং কেন ভিনসেন্ট৷ জাতীয় লিগের পর কলকাতা লিগেও সুব্রত ভট্টাচার্যের বাগানের বিভীষিকা এখন সঞ্জয় সেনের প্রয়াগ৷ তবে যুবভারতীতে লিগ জয়ের আনন্দ-উত্সবের মাঝেও দীর্ঘশ্বাস৷ সামনের মরসুমে টোলগের জার্সির রঙ বদলাবে৷ কিন্তু ফর্ম? জয়ের আনন্দেই জল্পনা শুরু হয়ে গিয়েছে লালহলুদ শিবিরে৷