ভর্তুকির বোঝা কাঁধে নিয়ে রাজ্যগুলি বিক্রয়কর কমাক৷ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজ্ঞাপন দিয়ে কার্যত রাজ্যের কোর্টে বল ঠেলল পেট্রোলিয়াম মন্ত্রক৷ সোমবার দেশের প্রথম সারির সংবাদপত্রগুলিতে প্রকাশিত এই বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০১১-১২ সালে রান্নার গ্যাসে ভর্তুকি দিয়ে  কেন্দ্রের ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ক্ষতি হয়েছে৷ একই বছরে রাজ্য সরকার তেল সংস্থাগুলি থেকে সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ১২ হাজার ৯০০ কোটি টাকা সংগ্রহ করেছে৷ তবে, ভর্তুকির বোঝা কাঁধে নিতে চায়নি৷
একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বারবার বলছেন, ডিজেল ও রান্নার গ্যাসে কেন্দ্রের ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্ত সাধারণ মানুষের কাঁধে বাড়তি বোঝা চাপাবে, তখন পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বিজ্ঞাপনে ঘুরিয়ে রাজ্যগুলিকেই ডিজেলের উপর কর ছাড় দিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার পরামর্শ দেওয়া হল৷ রাজনৈতিক মহলের মত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই বার্তা আরও প্রাসঙ্গিক কারণ, তিনি জোট শরিক৷ বিজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিককালে ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে রাজ্যগুলির বছরে প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে৷ আশা করা যায়, তারা অন্তত এই অতিরিক্ত রাজস্ব ছেড়ে দিয়ে তা সাধারণ মানুষের সুযোগ-সুবিধায় ব্যয় করবে৷
রাজনৈতিক মহলের ধারণা, কেন্দ্র ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বার্তাই দিতে চাইছে, কেন্দ্রের সিদ্ধান্তের অযথা সমালোচনা না করে গঠনমূলক বিকল্পের সন্ধান দিক তৃণমূল সরকার৷  তবে বিজ্ঞাপনের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পাল্টা, আগে ভর্তুকি কমিয়ে তারপর পরামর্শ দিক কেন্দ্র৷ এদিকে রাজ্যকে ঘুরিয়ে কর ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। কেন্দ্রের সংস্কারের সিদ্ধঝান্তের বিরোধিতায় রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা ছাড়ার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে পোট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞাপনে ঘুরিয়ে রাজ্য সরকারকেই নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হল৷




Tags: