বিজেপির ডাকা ভারত বনধকে কার্যত সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, গোটা দেশে বনধ সফল হয়েছে৷ যে ইস্যুতে বনধ ডাকা হয়েছে সেগুলিকে মানুষ সমর্থন করেছে৷ যদিও, এরইসঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল নীতিগতভাবে বনধের বিরোধী৷ কারণ, সরকারে থেকে বনধ করা যায় না৷ ভারত বনধকে সমর্থন জানিয়ে বিজেপিকে কি বার্তা দিতে চাইলেন মমতা? রাজনৈতিক মহলে জোর জল্পনা হয়েছে৷ এদিন দিল্লির যন্তরমন্তরে ধর্মঘটের সমর্থনে আয়োজিত এনডিএ-র অবস্থানমঞ্চেও উঠল মমতার নামে জয়ধ্বনি ৷

খুচরোয় প্রত্যক্ষ বিদেশি লগ্নি, ডিজেলের দাম বৃদ্ধি এবং রান্নার গ্যাসে
ভর্তুকিতে রাশ টানার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সমর্থন প্রত্যাহারের
সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই একই ইস্যুতে বৃহস্পতিবার
দেশজোড়া বনধের ডাক দেয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ বাংলা বনধের ডাক দেয়
বামেরা৷ কিন্তু, প্রথম থেকেই বনধের বিরোধিতায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷
পরিষ্কার জানান, বনধে সামিল হচ্ছেন না তাঁরা৷ কিন্তু, এদিন সেই মমতার
গলাতেই কিছুটা অন্য সুর৷ কার্যত বিজেপির ভারত বনধকে সমর্থন করলেন তিনি৷
বললেন, এদিনের বনধকে সব মানুষ সমর্থন করেছেন৷ কারই, যে কারণে ডাকা হয়েছে
সেগুলি অত্যন্ত যুক্তিপূর্ণ৷
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে জল্পনা৷
মুখ্যমন্ত্রী যেভাবে সারা ভারতে বনধের সফলতার দাবি করলেন, সেভাবে লালকৃষ্ণ
আডবাণী-নিতিন গডকড়ীরাও করবেন কি না, তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল৷ আর এর
ফলেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইউপিএ ছাড়ার পর বিজেপির প্রতি
নরম মনোভাব দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আগামী দিনে কি ফের পুরনো জোট
এনডিএ-তে প্রত্যাবর্তন করতে পারেন তিনি? না, কি যেহেতু এই একই ইস্যুতে
কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করেছেন, তাই একপ্রকার বাধ্য হয়েই এই ধরণের
মন্তব্য করতে হল মমতাকে? রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, কংগ্রেসের সঙ্গ
ছাড়ার পর এখন কার্যত বিজেপির মতোই বিরোধী আসনে তৃণমূল৷ যদিও, সংখ্যালঘু
ভোটব্যাঙ্কের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির সঙ্গে যাওয়ার
সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ৷ কিন্তু, আগামী দিনে সংসদে কেন্দ্রকে অস্বস্তিতে
ফেলতে প্রয়োজনে বিজেপির সঙ্গে ইস্যু ভিত্তিক কক্ষ সমন্বয়ের পথে হাঁটতেও
পারেন মমতা৷ সম্ভবত এদিন সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন তিনি৷ অত্যন্ত
তাত্পর্যপূর্ণভাবে এদিনই যন্তরমন্তরে এনডিএ-র অবস্থানমঞ্চে মমতার নামে
জয়ধ্বনি শোনা গিয়েছে৷ তাই এসবের অন্য কোনও বার্তাও লুকিয়ে রয়েছে কি না, তার
উত্তর ভবিষ্যতেই মিলবে৷
ভিডিওতে দেখুন -বনধের ইস্যু সমর্থনযোগ্য: মমতা







