ফের গণধর্ষণের অভিযোগ। এবার  পুরুলিয়ায় বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগে  গ্রেফতার করা হল ৩ জনকে।দুর্গাপুরের  সিটিসেন্টারের কাছে স্বামীর সামনে মহিলাকে গণধর্ষণের ঘটনার পর পুরুলিয়ার রঘুনাথপুরে মায়ের সামনে মহিলাকে ধর্ষণের এই অভিযোগ উঠল৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷


অভিযোগ, শনিবার রাতে এলাকারই ৪ ব্যক্তি চড়াও হন ওই মহিলার বাড়িতে৷ সেসময় বাড়িতে ছিলেন শুধু মহিলার বৃদ্ধা মা৷ মাকে প্রাণের ভয় দেখিয়ে হাত পা বেঁধে ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা৷ ধর্ষণকারীরা পালিয়ে গেলে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা৷ তাঁর অভিযোগের ভিত্তিতে শ্যামলাল মুদি, নাড়ু মুদি, মাঝি মুদি নামে ৩ জনকে গ্রেফতার করে রঘুনাথপুর থানার পুলিশ৷ চতুর্থ অভিযুক্ত মানু ধীবর পলাতক৷
ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ অভিযোগকারিনী রঘুনাথপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন৷অন্যদিকে, দুর্গাপুর সিটিসেন্টার এলাকায় স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় শনিবার রাতে ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নাম রাজু বাউড়ি ও পবন হালদার পুলিশের দাবি, ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ কোড়া-র সহযোগী এই রাজু বাউড়ি৷ রাজ্যের বিভিন্ন এলাকায় একের পর এক ধর্ষণের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন৷



Tags:
    More News