৬ তারিখ মার্কিন বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় পা রাখবেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন৷ পরদিনই মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক৷ সেই উপলক্ষ্যেই মহাকরণ জুড়ে এখন শেষ মুহুর্তের ব্যস্ততা৷ যে সিঁড়ি বেয়ে হিলারি মুখ্যমন্ত্রীর ঘরে মুখ্যমন্ত্রী পৌছবেন, নতুন রঙে সেজে উঠছে সেই সিঁড়ি৷ বসানো হচ্ছে নতুন ফুলের টব৷ ধুয়ে মুছে সাফ করা হচ্ছে মহাকরণের অলিন্দ৷ এমনকি স্থান সঙ্কুলান বাড়াতে মুখ্যমন্ত্রীর ঘর থেকে সরিয়ে ফেলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর জায়গা৷ ঠাঁই বদলাচ্ছে ঘরের এলসিডি টিভি, ফ্যাক্স মেশিনেরও৷ মুখ্যমন্ত্রীর ঘরে বসার ব্যবস্থা রাখা হচ্ছে ১৮ জনের৷

বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও মার্কিন দূতাবাসের কর্তারা দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব, পুলিশ ও পূর্ত দফতরের কর্তাদের সঙ্গে৷ এদিকে, মার্কিন বিদেশ সচিব কলকাতায় এলে তাঁকে কালো পতাকা দেখানোর হুমকি দিয়েছেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুরুর রহমান বরকতি৷







